ফারহানকে চাচ্ছে বাংলাদেশ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের। নরউইচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ফারহানের পারফরম্যান্সে সন্তুষ্টির খবর মিলেছে ক্লাব সূত্রে। এই ফারহান আলী ওয়াহিদকেই আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলানোর কথাই ভাবছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

গোল বা অ্যাসিস্ট না পেলেও একটি বাঁকানো দূরপাল্লার শটে নরউইচের গোলরক্ষককে কঠিন পরীক্ষা নেন ফারহান। নতুন মৌসুম শুরুর আগে ফুলহামের আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে নিজেকে প্রমাণ করতে পারলে মূল দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে ১৯ বছর বয়সী এই ফুটবলারের। ফারহানের ফুটবলযাত্রা শুরু হয়েছিল চেলসির একাডেমিতে। ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহামের একাডেমিতে। এরপর বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে নজর কাড়েন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান এই বাঁ প্রান্তের উইঙ্গার।

২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ-২-এর মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে বড় স্বীকৃতি পান ফারহান। তার গতি, ওয়ান-টু-ওয়ান দক্ষতা এবং কাট করে শট নেওয়ার সামর্থ্য এরই মধ্যে নজর কেড়েছে।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর, বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ফারহান। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফারহানের বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে এবং দ্রুতই তার বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা।

এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডেতে জাতীয় দলের ক্যাম্পে ফারহান আলী ওয়াহিদের সঙ্গে জায়ান হাকিমকেও দেখা যেতে পারে। এছাড়া আরও ২-৩ জন প্রবাসী ফুটবলারকে আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে হামজা চৌধুরীর পর ফারহান হতে পারেন বাংলাদেশের ফুটবলের আরেক সম্ভাবনাময় প্রবাসী তারকা।