ভারত সিরিজ নিয়ে রোমাঞ্চিত মিরাজ

রাজনৈতিক ও আনুষঙ্গিক নানা জটিলতায় এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে ভারত সিরিজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে প্রতিবেশী দেশটির। ঘরের মাঠে এই হাই-ভোল্টেজ সিরিজকে সামনে রেখে এখন থেকেই তাই দারুণ রোমাঞ্চিত বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাওয়া মিরাজ ‘রেভ স্পোর্টস’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা খোলামেলা জানিয়েছেন।

সাক্ষাৎকারে ভারত সফর প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সিরিজটি নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। ভারত যদি আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ, দীর্ঘদিন ধরে তাদের বিপক্ষে আমাদের কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি। ভারত একটি অত্যন্ত শক্তিশালী দল এবং আমরা জানি সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ঘরের কন্ডিশনে নিজেদের সেরাটা দিতেই আমরা সবচেয়ে বেশি ফোকাস করব।’

দলের সাম্প্রতিক ফর্ম ও নিজের নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে মিরাজ তুলে ধরেন দলের ইতিবাচক উন্নতির দিকগুলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়সহ বেশ কিছুদিন ধরে দল দারুণ ছন্দে রয়েছে বলে জানান তিনি। চাপের মুহূর্তগুলোতে দল এখন অনেক ভালো সামলে উঠছে বলে মনে করেন বাংলাদেশের এই অধিনায়ক। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় প্রস্তুতি ও প্রতিদিন উন্নতির ধারা ধরে রাখার ওপরও জোর দিয়েছেন তিনি। তবে আলোচনার একপর্যায়ে ভারতের মাটিতে বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নিতে না পারার আক্ষেপের কথাটি ঘুরেফিরে আসে। রাজনৈতিক জটিলতার কারণে সেই আসরে অংশগ্রহণ না করা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সব ক্রিকেটারেরই বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন থাকে। আমাদের তরুণ খেলোয়াড়রাও সেই সুযোগ চেয়েছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে দুর্ভাগ্যবশত তা হয়নি, যা সবাই জানে।’