স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

রথযাত্রার পথে পাইপ বোমা কাকতালীয়

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ‘পাইপ বোমা’টি সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রাকে টার্গেট করে পেতে রাখা হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন সেখানে বোমা উদ্ধারের বিষয়টি ‘কাকতালীয়’।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রথযাত্রা এবং উল্টো রথযাত্রা যেন সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এই ডিভাইসটি (পাইপ বোমা) ঘটনাক্রমে কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। এটার সঙ্গে রথযাত্রার কোনো সম্পর্ক নেই বলে মনে করি।

গতকাল রবিবার সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ‘উল্টো রথযাত্রাকে টার্গেট করে’ সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। সেটি আগেই শনাক্ত করতে পারায় বড় বিপর্যয় এড়ানো গেছে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকের ভাষ্য, ছাতার সঙ্গে বোমাটি এমনভাবে লাগানো ছিল যে, ছাতাটি ফোটালেই বিস্ফোরণ হতো। তাতে হতাহতের ঘটনা ঘটতে পারত। এ ঘটনার পেছনে কারা আছে এবং তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গত শুক্রবার ঘটনাটি ঘটে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানান, মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে পাতা ছিল একটি শক্তিশালী ‘পাইপ বোমা’। কেউ কৌতূহলবশত ছাতাটি খোলার জন্য বোতাম টিপলেই বড় ধরনের বিপদ হতে পারত।

এ ঘটনায় মতিঝিল থানার এসআই মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্বপরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল।

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা জানান, ওটা ছিল একটা পাইপ বোমা (আইইডি বা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস)। এর ভেতরে দেড় কেজির মতো সালফার ছিল, আর ছিল প্রচুর তারকাঁটা ও ধারালো লোহার টুকরো। ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে কেউ ছাতা খোলার জন্য বোতামটি চাপলে এটার বিস্ফোরিত হতো। তখন লোহালক্করের টুকরোগুলো স্পিøøন্টার হয়ে আশপাশের লোকজনকে ক্ষতবিক্ষত করত।

এদিকে গত শুক্রবার রাতে ওই বোমাটি নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারী আহত হয়েছেন।