কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চর দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কোহিনুর আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তিতাস উপজেলার ভাটেরারচর এলাকায় রবিবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর আক্তার (৩৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের মো.কাবিল মিয়া স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া নদীরচর দখল নিয়ে দীর্ঘদিন মারামারি ও মামলা চলছে। গত ১৫ জুন মারামারিতে দুইপক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছিল। রবিবার ফের ওই চরদখল নিয়ে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে এক নারী গলায় টেটাবিদ্ধ হয়ে মারা যান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নতুন ভাটেরারচর গ্রামে থম থমে অবস্থা বিরাজ করছে। দুই থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।