কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার নারী ও শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকার শামসুল আলমের ছেলে সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার মু. ছাবেরের ছেলে মু. সাইফুল ইসলাম। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন আহত এক নারী, তার শিশুসন্তান ও অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত