মোবাইলের চার্জার নিয়ে ঝগড়া, ছেলের আঘাতে বাবা মৃত্যু 

সাভারে মোবাইলের চার্জার খোঁজা নিয়ে পারিবারিক বাকবিতণ্ডার জেরে ছেলের আঘাতে বাবা মহিন মিঞার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জিসানকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন মিয়া (৩৮) ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে ছাকিপাড়া এলাকায় মহিন তার ছেলে কক্ষে ঢুকে মোবাইলের চার্জার খুঁজছিলেন। ছেলে জিসান মোবাইলের চার্জার নেই বলে জানান। চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকাবকি করে। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য টেস্টার নেন।  এসময় ছেলেও তার বাবা মহিনকে ফিরানোর চেষ্টা করেন। কিন্তু ফিরানোর এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবা মহিনের গোপন অঙ্গ চেপে ধরলে অচেতন হয়ে পড়েন তিনি। এসময় প্রতিবেশীরা মহিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এস আই) মো.ফাইজুর খান জানান, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ছেলে অন্ডকোষ চেপে ধরে হত্যা করেছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।