দুই বাংলার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে ছোটপর্দাতেও। তবে অভিনয় কিংবা উপস্থাপনায় নয়, ভারতের একটি রিয়েলিটি শোতে আসবেন অতিথি হয়ে। জানা গেছে, সান বাংলার 'লাখ টাকার লক্ষ্মীলাভ' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন এই লাস্যময়ী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সুদীপ্তা চক্রবর্তী। ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে এই লাখ টাকার লক্ষ্মীলাভ-এর বিশেষ পর্ব। ইতিমধ্যে সুদীপ্তা ও জয়ার শুটিংও সম্পন্ন হয়ে গেছে। জয়া আহসানকে কাছে পেয়ে আপ্লুত প্রতিযোগীরাও।
সুদীপ্তা নিজেও জয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে এই খবরে সিলমোহর দিয়েছেন। এর আগে কখনও জয়াকে কোনো রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা যায়নি। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এই শোটি মহিলাকেন্দ্রিক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এতে অংশ নেন। বাকিদের সঙ্গে ভাগ করে নেন তাদের জীবনযুদ্ধের গল্প। এছাড়া থাকে নানারকম খেলা। যা সঠিকভাবে খেলতে পারলেই লক্ষ্মীলাভ হয়।
বিশেষ এই পর্বে বাংলার মেয়েদের এই লড়াইয়ের গল্প শুনে তাদের কুর্নিশ জানান জয়া। এভাবেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। অনুরাগীরা যে নতুন রূপে অভিনেত্রীকে দেখার জন্য উদগ্রীব তা বলার অপেক্ষা রাখে না।