খুলনা মহানগরীর লবণচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. আরিফ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। আহত আরিফের পিতা মো. আবুল কালাম সিকদার। তাদের বাড়ি লবণচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ৬জন দুর্বৃত্ত আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ আরিফ হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।