এবার বিনোদনের মাঠে রোনালদো

এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন একটি টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তিনি। ডেডলাইন ও গোলডটকম সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শুধু তাই নয়, ধারাবাহিকটিতে বিশেষ উপস্থিতিতেও দেখা যাবে তাকে। একই প্রকল্পে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিও। 

‘প্রথম দিনগুলো’ নামের এই ধারাবাহিকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালের ডিসেম্বরে। নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে এর শুটিং চলছে। ধারাবাহিকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ম্যাথিউ ভন। তিনি এর আগে ‘কিংসম্যান’ সিরিজের মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়া তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। 

গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। তার নাম স্ট্যানলি ডালটন। এই চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণা থেকে গল্পটি তৈরি হয়েছে। রোনালদো এই নতুন যাত্রা নিয়ে বলেন, ‘এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। ফুটবলের বাইরে নতুন কিছু করার জন্য আমি দারুণ উচ্ছ্বসিত।’