গজারিয়ায় ছয় মাসে কুরআনের হাফেজ হলেন মো. সিয়াম

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাত্র ছয় মাসে কুরআনের হাফেজ হয়েছেন চরপাথালিয়া সালমান ফারসী রা. মাদরাসায় ১১ বছর বয়সী শিক্ষার্থী মো.সিয়াম।

সোমবার (২৭ জুলাই) বাদ যোহর মাদরাসা'র মসজিদে আনুষ্ঠানিক ভাবে পবিত্র কুরআনের সর্বশেষ পারার ছবক শেষ করেন। এ সময় উপস্থিত থেকে ছবক গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার ও অন্য শিক্ষকবৃন্দ।

হাফেজ মো. সিয়াম উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। 

জানা যায়, হিফজ বিভাগের এই শিক্ষার্থী মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হওয়ায় আনন্দিত ও গর্বিত পিতা মাতা,সহপাঠী ও শিক্ষকবৃন্দ।

সন্তানের এই অর্জনে মহান আল্লাহ তায়ালা'র দরবারে শুকরিয়া আদায় করেন পিতা। মো. খোকন মিয়া বলেন,এই প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আমার সন্তান আজ কুরআনের হাফেজ। তাঁর জন্য দোয়া করবেন। সে যেন একজন বড় আলেম হয়ে ইসলাম, দেশ ও মানুষের সেবা করতে পারে। 

 এ প্রসঙ্গে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার বলেন, কুরআনের হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত, নৈতিক ও আদর্শবান প্রজন্ম গঠনে আমরা বদ্ধপরিকর। মহান আল্লাহ যেন ছেলেটাকে ইসলামের খেদমতে কবুল করেন, এ জন্য সবার কাছে দোয়া চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত