আর্জেন্টিনার দিবু মার্তিনেজকে চায় জুভেন্তাস

অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজকে দলে নিতে প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। ক্লাবটির নতুন ম্যানেজার লুসিয়ানো স্পালেত্তি স্প্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে রবিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জয়ের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

স্পালেত্তির দাবি, ৩৪ বছর বয়সী বিশ্বজয়ী এই গোলরক্ষক নিজেও এই গ্রীষ্মকালীন দলবদলে অ্যাস্টন ভিলা ছাড়তে ইচ্ছুক।

"দিবু মার্তিনেজ একজন অসাধারণ গোলরক্ষক এবং সে চলতি দলবদলে ক্লাব ছাড়তে চায়। আমরা তাকে দলে নিতে আগ্রহী কারণ আমরা গোলরক্ষক পজিশনে নতুন প্রতিযোগিতা তৈরি করতে চাই—যদিও আমাদের দলে বর্তমানে দুজন ভালো গোলরক্ষক রয়েছে।"

সিরি আ-তে গত মৌসুমে ষষ্ঠ স্থানে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ না পেয়ে ইউরোপা লিগে নামতে হয়েছে জুভেন্তাসসকে। মিশেল দি গ্রিগোরিও কিংবা মাত্তিয়া পেরিনের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে না পেরে মার্তিনেজকে পোস্টের নিচে প্রধান ভরসা করতে চায় তুরিনের ক্লাবটি।

টানা দ্বিতীয় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠানোর অন্যতম নায়ক মার্তিনেজের সাথে অ্যাস্টন ভিলার চুক্তি রয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত। ট্রান্সফার ফি নিয়ে দুপক্ষের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। অ্যাস্টন ভিলার দাবি: ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো। তারা জুভেন্তাসের ৬.৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যেই। অ্যাস্টন ভিলার ফুটবল অপারেশন্স ডিরেক্টর দামিয়ান ভিদাগানি কিছুদিন আগেই স্পষ্ট জানিয়ে দেন, "মার্তিনেজ আমাদের সাথেই থাকছে। আগামী মৌসুমের প্রজেক্টে তার অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

 দলবদলের বাজারে চুক্তি সম্পন্ন করা কঠিন স্বীকার করে জুভেন্তাস কোচ জানান, তারা বিকল্প পরিকল্পনাও তৈরি রাখছেন। মার্তিনেজকে না পাওয়া গেলে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডিগিয়া, ইতালির গিয়েলমো ভিকারিও এবং বিশ্বকাপে নজর কাড়া জাপানি গোলরক্ষক জায়ন সুজুকির দিকে নজর দিতে পারে ইউভেন্টাস।