বিশ্বকাপ হারে 'এখনো কষ্ট হচ্ছে' এমবাপ্পের

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

২০২৬ বিশ্বকাপে ট্রফি ছাড়াই খালি হাতে ফিরতে হলেও ফরাসি সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এক খোলা চিঠিতে এই রিয়াল মাদ্রিদ তারকা স্বীকার করেছেন, প্রত্যাশিত সমাপ্তি না পাওয়ার এই আঘাত 'কষ্ট দিচ্ছে এবং এটি আরও কিছুদিন কষ্ট দেবে।'

স্পেনের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া ফ্রান্স পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-৬ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে।

বিশ্বকাপে ১০টি গোল করে শীর্ষ গোলদাতার সম্মান অর্জন করলেও দলীয় ট্রফি না পাওয়ার আক্ষেপই স্পষ্ট ২৭ বছর বয়সী এই অধিনায়কের কথায়। এমবাপ্পে লেখেন, 'আমরা দলীয় ট্রফিটা জিততে পারিনি। সত্য বলতে এটা সত্যিই খুব কষ্ট দিচ্ছে এবং এই যন্ত্রণা আরও কিছুদিন থাকবে। আমি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি গর্বের সাথেই গ্রহণ করছি, তবে ট্রফিটা সাথে থাকলে এটি আরও বিশেষ হতো। হয়তো আমরা আরও সুন্দর এক সমাপ্তির দাবিদার ছিলাম। কিন্তু গল্পের সমাপ্তি তো আর সবসময় নিজের হাতে থাকে না; নিজের হাতে থাকে চেষ্টা, আর আমরা মাঠে আমাদের সবটুকু উজাড় করে দিয়েছি। এটা নিয়েই আমরা গর্বিত।'

সতীর্থদের সাহায্য ছাড়া এত গোল করা সম্ভব হতো না উল্লেখ করে এমবাপ্পে কোচিং স্টাফদেরও ধন্যবাদ জানান। বিশেষভাবে বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কথা স্মরণ করে তিনি জানান, কোচের প্রতি তাঁর যা বলার ছিল, তা তিনি আগেই ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছেন।

ফরাসি সমর্থকদের উদ্দেশ্যে এমবাপ্পে লেখেন, 'সবচেয়ে কঠিন মুহূর্তেও আপনারা আমাদের একা হতে দেননি। শুধু মাঠের ১১ জন নয়, কোটি কোটি মানুষের ভালোবাসায় আমরা এই গল্পটি লিখেছি। ফুটবল মূলত একটা খেলা—যেটি আমরা খুব গুরুত্বের সাথে নিই। তবে নিয়মটা সেই আগের মতোই সহজ: বল, গোলপোস্ট আর গোল করার অদম্য ইচ্ছা। এই সরলতাই আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে।'
বিশ্বকাপের সফর শেষ হলেও ফ্রান্স দলের পথচলা এখানেই থেমে থাকছে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি অধিনায়ক। ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, সামনে আরও অনেক ম্যাচ ও টুর্নামেন্ট অপেক্ষা করছে এবং একই উদ্দীপনা নিয়ে আবারও সবাইকে এক ছাদের নিচে আনবেন তারা।

'আমরা এখনো একসাথে খেলা শেষ করিনি,'—বার্তা দিয়ে নিজের খোলা চিঠি শেষ করেন এমবাপ্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত