খুলনার শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানির তিন সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীতে বি কোম্পানির  তিন সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সোমবার (২৭ জুলাই) খুলনা সদর থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কেএমপি সূত্রে জানা গেছে,  খুলনা সদর থানার এসআই মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে খুলনা সদর থানাধীন রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), মো. টিপু হাওলাদার (২৯) এবং মো. এনামুল হক ইমন (২০)।

তারা খুলনা সদর থানার মামলা নং-২৯, তারিখ ২২ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার আসামি।

এছাড়া তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল এবং গ্রেনেড বাবুর সংগঠন বি কোম্পানির সদস্য হিসেবে পরিচিত।

কেএমপি সূত্র আরো জানা গেছে, গ্রেপ্তারকৃত শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণাসহ একাধিক মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে একটি সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারের পর তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।