ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বাড়ির উঠোনে থামিয়ে রাখা ইজিবাইকে বন্ধুদের সাথে খেলা করার সময় চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে ওই উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তানহা একই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের মেয়ে।
স্থানীয় জানায়, বিকালে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বসে তানহাসহ কয়েকজন শিশু খেলা করছিল। অসাবধানতা বসত গাড়ীতে রাখা চাবির মাধ্যমে স্টার্ট হয়ে পিছনের দিকে ইজিবাইকটি চলতে শুরু করে। এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড় দিলে চাকার নিচে চাপা পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ফারিহা জানান, শিশু তানহাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।