অন্ধকারে এলোপাতাড়ি গুলি, দুই পায়ে বিদ্ধ কলেজশিক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। তার নাম মো. করিম (১৮)। মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী সে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর ছেলে করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে একাএকাই বাসায় ফিরছিল। আমতলা '৩২ মালিকের বিল্ডিং' নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিম গুলিবিদ্ধ হয়। তার দুই পায়ে দুটি গুলি বিদ্ধ করে।

তখন স্থানীয় লোকজন বাসায় খবর দিলে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান পরিবার। পরবর্তীতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। আর জানান, বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।

তিনি জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাদের কারোরই জানা নেই। করিমের সাথে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।