কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজার সংলগ্ন কুড়িখাঁই নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বহু বছর আগেই। সেতুর বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দ্রুত সেতুটি পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সেতুটির দুই পাশের রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। এছাড়া পিলারের আস্তরণ ও ইট খসে পড়েছে এবং বিভিন্ন স্থানে সেতুর পাটাতনের অংশ ভেঙে যাওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার বা পুননির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেতুটি ব্যবহার করতে হচ্ছে।
সেতুটির এমন বেহাল অবস্থার কারণে বোয়ালিয়া, নামা বোয়ালিয়া, তেলিচারা, পাড়া মন্ডলভোগ, কাহেতেরটেকী, ভাংনাদী, চারিয়া, দড়িচারিয়া, মাগুরা, কুড়িখাঁই, চাতল, মুমুরদিয়া, জোয়ারিয়া, পিপুলিয়াসহ অন্তত ২০ গ্রামের মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনেও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. এহেতেশামুল হক বলেন, সেতুটির বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করা হয়েছে।
প্রয়োজনীয় কারিগরি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত নতুন সেতু নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।