চা বাগান থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বন্যপ্রাণী রক্ষায় কাজ করা সংস্থা ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা সাপটি উদ্ধার করেন।
 
​স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, দুপুরে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা শ্রমিকরা  অজগরটি দেখতে পান। সাপটি দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাগান কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বন বিভাগকে অবহিত করে। ​
 
বন বিভাগের নির্দেশনা ও সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অজগরটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।  
 
বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগরটি পর্যবেক্ষণ করে সুস্থ্য থাকলে বনে অবমুক্ত করা হবে।