দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পরদিনই হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের জন্য অস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) কর্তব্যরত আনসার সদস্যদের কাছে প্রয়োজনীয় অস্ত্র হস্তান্তর করা হয়। এর আগে গত ১ জুলাই থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১০ জন আনসার সদস্য নিয়োজিত থাকলেও অস্ত্রের অভাবে তারা দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছিলেন। গত ২৬ জুলাই দেশ রূপান্তরে 'আনসার সদস্যদের অস্ত্র মেলেনি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ' শিরোনামে খবর প্রকাশিত হয়।
দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ত্র না থাকায় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি সম্প্রতি এক প্রতারক চিকিৎসা নিতে আসা এক নারীর ব্যাগ হাতিয়ে নিলেও আনসার সদস্যদের তৎপরতায় পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় অস্ত্র থাকলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এর আগে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মজিবুল হক দেশ রূপান্তরকে জানিয়েছিলেন, অস্ত্র সরবরাহের আগে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তিনি আশা প্রকাশ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই মাধবপুরসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের কাছে অস্ত্র সরবরাহ করা হবে।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আওতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।