ভারতের আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সম্প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিনেতা আদিল হুসেন। তিনি জানান যে বহু বছর থেকেই তিনি প্রতি বছর এই তাণ্ডব দেখে আসছেন, কিন্তু এবার পরিস্থিতি আরও বেশি মর্মান্তিক রূপ নিয়েছে।
অভিনেতা জানিয়েছেন যে অসমের শিবসাগর জেলায় তার বোনের মেয়ে থাকেন। এই বন্যায় মারাত্মকভাবে আটকে পড়েছেন তারা। তাদের বাড়িগুলো এখন পুরোপুরি জলের নিচে তলিয়ে গেছে। পরিবারকে সাহায্য করার জন্য তিনি মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলেও উল্লেখ করেন।
প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অভিনেতা বলেন, বছরের পর বছর কেটে গেলেও এই দীর্ঘস্থায়ী সমস্যার কোনো স্থায়ী সুরাহা করতে পারেনি সরকার। অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা, জলাভূমি বুজিয়ে কারখানা তৈরি করা এবং নির্বিচারে গাছ কেটে ফেলার কারণেই পরিস্থিতি বারবার হাতের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ তোলেন আদিল হুসেন।
তিনি আরও প্রশ্ন তোলেন, দেশ যখন চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে কিংবা নেদারল্যান্ডস যখন সমুদ্রের বুক থেকে জমি পুনরুদ্ধার করছে, তখন দক্ষ ইঞ্জিনিয়ার ও প্ল্যানারদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করে এই সমস্যার সমাধান করা কেন সম্ভব হচ্ছে না? এই পরিস্থিতিতে তিনি গায়ক পাপন-সহ অনেকের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন, যাতে বানভাসি মানুষের কাছে যথাসম্ভব সাহায্য পৌঁছানো যায়। সমাজমাধ্যমের সাহায্যেও তিনি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।