রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর (লাভ রোড়, মন্দির রোড়) ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক গণমাধ্যমকে জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।