ভারতীয় অভিনেত্রী কৌশানী মুখার্জি যে ‘বহুরূপী' ছবিতে পকেটমার ঝিমলি হয়ে চমক দিয়েছিলেন, তা এখনও দর্শকদের মনে তাজা হয়ে আছে। গ্ল্যামারাস ইমেজ ভেঙে একেবারে অন্য ধরনের চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সব মহলেই। সেই ঝিমলিই এবার ফিরছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে। তবে শুধু পুরনো চরিত্রের প্রত্যাবর্তন নয়, এবার কৌশানীকে ঘিরে অপেক্ষা আরও অনেক বড়।
সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশন হাউজ ছবি থেকে কৌশানীর প্রথম লুক প্রকাশ করেছে। ছাদের তারে শুকোতে দেওয়া কাপড়ের ফাঁক দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকা ঝিমলিকে দেখা গেছে একেবারে চেনা, সাধারণ সাজে। সুতির শাড়ি, ছাপা ব্লাউজ, গলায় হার, হাতে ও কানে সামান্য গয়না। প্রথম ছবির সেই পরিচিত আবহ যেন আবারও ফিরে এসেছে নতুন ছবির প্রথম ঝলকে।
কিন্তু এটাই নাকি পুরো চমক নয়। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শুধু ঝিমলি হিসেবেই নয়, আরও পাঁচটি সম্পূর্ণ ভিন্ন লুক ও পরিচয়ে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। অর্থাৎ মোট ছয়টি আলাদা অবতারে পর্দায় হাজির হবেন তিনি। গল্পের প্রয়োজনে প্রতিটি চরিত্রের আলাদা পরিচয়, আলাদা চেহারা এবং আলাদা উপস্থিতি থাকবে।
নানা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় তার চরিত্রকে দেখা যাবে গুরুত্বপূর্ণ সব ঘটনায় অংশ নিতে। অন্যদিকে, 'বহুরূপী' ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। আগের ছবির শেষে দেখা গিয়েছিল, ঝিমলি এবং বিক্রম প্রামাণিকের একটি সন্তান হয়েছে এবং সেই সন্তানকে (চূণী) নাম ধরে ডাকছে সে। নতুন ছবির গল্প ঠিক সেই মুহূর্ত থেকেই এগোবে। এবার ঝিমলির মাতৃত্ব এবং সন্তানের সঙ্গে তার সম্পর্ক গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। ফলে কৌশানীর এই বহুরূপী সফরই ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
চরিত্রের প্রথম লুক প্রকাশ করে উইন্ডোজ প্রোডাকশন হাউজ একটি বিশেষ বার্তাও শেয়ার করেছে। সেখানে জানানো হয়েছে, ২০২৪ সালে 'বহুরূপী', ২০২৫ সালে 'রক্তবীজ ২'-এর পর ২০২৬ সালের দুর্গাপুজোতেও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জিরপরিচালনায় ফিরছেন কৌশানী। পকেটমার ঝিমলিকে নিয়ে এক রোমহর্ষক ডাকাতির গল্প বলবে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'।