মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূলের কার্যকর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সরকারের নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক ফল দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়াতে ইতিবাচক প্রচারের ওপরও গুরুত্ব দেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।