১০ গোলের ম্যাচে ৯ মিনিটে হ্যাটট্রিক ব্রাজিলিয়ানের

নাটকীয়তা, গোলের বন্যা এবং শেষ মুহূর্তের হ্যাটট্রিক—সব মিলিয়ে এক রোমাঞ্চকর প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সকে ৬-৪ গোলে হারিয়ে চেলসি কোচ হিসেব যাত্রা করলেন জাবি আলোন্সো। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই গোলবন্যার ম্যাচে একাই আলো কেড়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো, যিনি ম্যাচের শেষভাগে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দারুণ এক হ্যাটট্রিক উপহার দেন।।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটে ১৭ বছর বয়সী কাজাখ তরুণ দাস্তান সাতপায়েভ অভিষেক ম্যাচেই দুর্দান্ত শটে চেলসিকে এগিয়ে নেন। তবে চেলসি রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে ৮ মিনিট পরই কর্নার থেকে অ্যান্থনি পান্তাজোপোলোসের হেডে সমতায় ফেরে সিডনি। এর কিছুক্ষণ পর আইদান হ্যামন্ড গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতির ঠিক আগে দারিয়া এসুগো রিজি ওয়ালশের সাথে এক-দুই খেলে নিখুঁত ফিনিশিংয়ে চেলসিকে ২-২ সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ডিলান সিসলুনার গোলে আবারও ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে চেলসি। পিছিয়ে পড়ার পরপরই আলোন্সো বেঞ্চ থেকে কোল পালমার ও পেদ্রোসহ ৯ জন খেলোয়াড়কে মাঠে নামান। এই পরিবর্তনের পর ম্যাচের গতি সম্পূর্ণ বদলে যায়।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ার হতাশাকে যেন মাঠে ফুটিয়ে তোলেন পেদ্রো। গতি, শক্তি আর নিখুঁত ফিনিশিংয়ে নিজের স্থানকে অনড় প্রমাণ করেছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে আলোন্সো নিজেও পেড্রোর ভূয়সী প্রশংসা করে বলেন, "পেদ্রো গোল করার জন্য অত্যন্ত ক্ষুধার্ত এবং এই মৌসুমে দুর্দান্ত কিছু করার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ।"

সিডনি একপর্যায়ে ৪-৩ গোলে এগিয়ে গেলেও পেদ্রোর হ্যাটট্রিক এবং পালমারদের যুগলবন্দীতে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে অল ব্লুজরা।

আগামী শনিবার এই একই ভেন্যুতে লন্ডন রাইভাল টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে চেলসি। এরপর প্রাক-মৌসুম সফরের অংশ হিসেবে হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বাকি প্রীতি ম্যাচগুলো খেলবে ক্লাবটি।