ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দাবি ছাত্রশক্তির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রী হলে দীর্ঘদিন ধরে চলমান ‘হয়রানি’ বন্ধের দাবিতে এবং সাধারণ ছাত্রীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চার দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, বিশ্ববিদ্যালয় শাখা। পাশাপাশি সংগঠনটির নেতাকর্মীরা তিন দফা কর্মসূচিও ঘোষণা করেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবির শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, ছাত্রীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা চার দফা দাবির মধ্যে পরিচয় নিশ্চিতকরণের ভিত্তিতে ছাত্রীদের জন্য ২৪ ঘণ্টা হলে প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করা, আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে হলে প্রবেশের ব্যবস্থা করা, ছাত্রীদের নারী অভিভাবক-মা ও বোনের হলে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা সচল রাখা ও প্রক্টরিয়াল টিমের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

দাবি আদায়ে তিন দফা কর্মসূচিও ঘোষণা করে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচির মধ্যে রয়েছে, ক্যাম্পাসজুড়ে পোস্টারিং ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, হলগুলোতে সাধারণ ছাত্রীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি এবং হলগুলোতে নারীদের নিরাপত্তা ও হয়রানির বাস্তব চিত্র তুলে ধরে ডকুমেন্টারি প্রদর্শন ও একটি ম্যাগাজিন প্রকাশ।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বলা হয়, ছাত্রীদের ওপর চলমান মানসিক ও প্রাতিষ্ঠানিক হয়রানি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন যৌক্তিক পরিণতি না পাওয়া পর্যন্ত সংগঠনটি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানানো হয়।