কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার, ভৈরব পৌরসভার জন্য আজ ২০২৬-২৭ ইং অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে, নতুন কোন কর আরো ছাড়াই, এই বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন অব্যাহত রাখা, এবং পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধি করে বাজেট প্রণয়ন করা হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভৈরব পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
এবার ভৈরব পৌরসভার বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা। উন্নয়ন সহায়তা তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব মিলিয়ে মোট প্রস্তাবিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৪০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব ব্যয় শেষে বাজেটে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা উদ্বৃত্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই এবারের বাজেটের মূল লক্ষ্য।
তিনি বলেন রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।
তিনি আরও বলেন, সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, পরিচ্ছন্নতা এবং অন্যান্য নাগরিক সুবিধা সম্প্রসারণে বাজেটের অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় করা হবে। এছাড়া ডেঙ্গু মশা নিধনের জন্য আলাদা করে বাজেট ধরা হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।
ভৈরব পৌরসভার ২০২৬-২৭ বছরের বাজেট পেশ করার সময় আরো উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করিলে, উপস্থিত কর্মকর্তাগণ পর্যায়ক্রমে জবাব দেন পাশাপাশি বাজেট বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।