দেশে আনুমানিক এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই জানেন না যে তারা এই ঘাতক ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর দেশে এ রোগে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। অথচ লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের ৬০ থেকে ৭০ শতাংশ ঘটনার পেছনে প্রধান কারণ এই হেপাটাইটিস বি ভাইরাস।
মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকেরা। লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে চট্টগ্রামের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়, মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। একজন মানুষ যখন নিজের পাশাপাশি অন্যের কষ্টও অনুভব করতে শেখে, তখনই সে প্রকৃত মানুষে পরিণত হয়।
জেলা প্রশাসক আরও বলেন, সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি তৈরি হতে হবে পরিবার থেকে। পরিবার ও সমাজের অবহেলার কারণে অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অপরাধের পাশাপাশি বিভিন্ন জটিল রোগের বিস্তার বাড়াচ্ছে। পরিবেশ ও মানসিকতার পরিবর্তনের জোর দিয়ে তিনি বলেন, বাইরে আলোকিত করার পাশাপাশি মানুষের ভেতরটাকেও আলোকিত করতে হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা শেষে চিকিৎসকেরা রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হেপাটাইটিস বি ও সি শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করাসহ সময়মতো চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন। সভা সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস। এতে চিকিৎসক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
