চট্টগ্রাম মহানগরীতে ২৮ হাজার বৃক্ষরোপণ করবে সিডিএ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ নগর গড়ার লক্ষ্যে নগরজুড়ে ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত এই প্রক্রিয়ায় কর্ণফুলী নদীর তীর বরাবর সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় ১৪ হাজার চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত বিস্তৃত সড়ক প্রকল্পে একটি নারিকেল ও একটি তালগাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সড়কটির আশপাশে ইতোমধ্যে প্রায় আড়াই হাজার বৃক্ষ রোপণ শেষ হয়েছে। বন বিভাগের সহযোগিতায় নতুন করে আরও ১৪ হাজার গাছ লাগানো হচ্ছে। আর বাকি চারাগুলো সিডিএর অধীনস্থ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নির্ধারিত এলাকায় পর্যায়ক্রমে রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রামকে নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন দরকার। শুধু গাছ লাগালেই দায় শেষ হয়ে যায় না; চারাগুলো যাতে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়, সে জন্য নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ জোরদার করতে হবে। 

তিনি আরও বলেন, পরিকল্পিত রূপরেখার মাধ্যমে নগরীর পরিবেশগত ভারসাম্য ধরে রাখা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য ও প্রধান নগর পরিকল্পনাবিদ মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল এবং প্রকল্প পরিচালক রাজীব দাশসহ উর্ধ্বতন কর্মকর্তারা।