ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি রাকসু ভিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকে ‘ডিফেন্ড’ করে সংবাদ প্রকাশ করেছেন-এমন অভিযোগ তুলে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

একই সঙ্গে রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগের দিন রাকসু কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্ড করে অনেকে নিউজ করেছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের বের করে আনার অভিযোগ প্রসঙ্গে ভিপি বলেন, আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ভাই, আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন।

সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।

সংবাদ সম্মেলনে এ সময় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিবসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।