চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিজ ঘর থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার হয়। সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে আবদুর রহমানের বাড়ি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, মৃত আবদুর রহমানের তিন ছেলে থাকেন দুবাই শহরে। তার স্ত্রীও থাকেন ছেলেদের সঙ্গে। গ্রামের বাড়িতে একাই থাকতেন তিনি। নিজেই রান্নাবান্না করে খেতেন। হৃদরোগ অথবা মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে আবদুর রহমানকে আর ঘরের বাইরে দেখেননি স্থানীয়রা। ছোট ছেলে ফোন করে না পেয়ে প্রতিবেশিদের জানান। কয়েকজন গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা ভেঙে দেখা গেছে খাটের ওপর আবদুর রহমানের মরদেহ পড়ে আছে। মরদেহ একেবারে বিকৃত হয়ে গেছে।
ধারণা করছি, অন্তত দুইদিন আগে তিনি মারা গেছেন। গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।