চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণ চুরির অভিযোগে মাহে আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) নগরের পাহাড়তলী থানাধীন নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাহে আলমের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার নামে এক নারীর বাসা থেকে ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল ও ৮টি আংটিসহ মোট প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ২৪ জুলাই আকবরশাহ থানায় মামলা করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই নারীর বাসা থেকে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল এবং ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘উদ্ধার করা স্বর্ণালংকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
