ইরাকের ড্রোন হামলা রুখে দিল সৌদি, কড়া হুঁশিয়ারি

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের ভূখণ্ড থেকে দেশটির পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং রাজধানী রিয়াদ লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। 

বুধবার (২৯ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উপযুক্ত সময় ও স্থানে এই আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার রিয়াদের রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি বলেন, এই ‘সন্ত্রাসী হামলা’ আবারও ইরাকের মাটি থেকে চালানো হয়েছে এবং ‘ইরান-সংশ্লিষ্ট’ গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে।

নিজেদের দেশ ও সম্পদের সুরক্ষায় ‘সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের’ বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন আল-মালকি। 

তিনি আরও বলেন, সৌদি আরব ‘উপযুক্ত সময়ে ও স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে’।