সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ এএম

সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাক থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার (২৭ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ হামলার পেছনে ইরান-সমর্থিত গোষ্ঠীরা জড়িত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে।

অন্যদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় এবং আগ্রাসন প্রতিহত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে হামলার উৎসের বিরুদ্ধে প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকারও সৌদি আরবের রয়েছে বলে উল্লেখ করা হয়।

রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেন ইরাকের ভূখণ্ড কোনোভাবেই সৌদি আরবের বিরুদ্ধে হামলার লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহার না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়।

তবে সৌদির এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত