জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিং মলে  বিস্ফোরণ-ধস

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্র্তৃপক্ষ। জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের নাগাসাকি থেকে প্রায় ৯৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত কুমামোতো শহরে ভূকম্পনটি অনুভূত হয়। এর পরপরই দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো শহরের এইওন মলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়। কাশিমা শহরের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকে পড়েছেন। তবে ভবনটি ধসে পড়ার সময় ভেতরে ঠিক কতজন আটকে ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে প্রায় ৫০ জন আহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় পুলিশ জানিয়েছে ৯ জন নিখোঁজ রয়েছেন। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন- ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয় এবং বিষয়টির মূল্যায়ন করা হচ্ছে।