বড় মাছের রেসিপি দিয়েছেন নাসরিন জামান শিখা
রুই কালিয়া
উপকরণ
রুই মাছ ১০ টুকরো, পেঁয়াজ কুচি দেড় কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, সরিষার তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, কাজু বাদাম বাটা আধা কাপ, শুকনো মরিচ ২টা, সাদা এলাচ ২টা, দারুচিনি ৪ টুকরো, ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭টা।
যেভাবে তৈরি করবেন
১. মাছ সামান্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিন।
২. কড়াইয়ে তেল দিয়ে মাছ হালকা করে ভেজে রাখুন।
৩. এবার অন্য কড়াইয়ে সিকি কাপ তেল দিয়ে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, শুকনো মরিচ হালকা ভেজে পেঁয়াজ কুচি দিন। একটু ভাজা ভাজা হলে লবণ, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন।
৪. কষানোর পর্রে টক দই, কাজুবাদাম বাটা দিয়ে আরও একটু কষিয়ে টমেটো সস দিয়ে দিন। এরপর ভেজে রাখা মাছ দিয়ে হালকা নেড়ে দেড় কাপ ফুটানো গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।
বারাকুডা কারি
উপকরণ
বারাকুডা মাছ ১১ টুকরো, অলিভ অয়েল ৮ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭টা, ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ২ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, পাকা টমেটো পেস্ট দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. হলুদ, লবণ, মরিচ এক সঙ্গে সামান্য পানিতে মেখে মসলার পেস্ট তৈরি করে নিন।
২. মসলার পেস্ট মাছে মেখে ১০ মিনিট রেখে দিন।
৩. কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, সামান্য হলুদ দিয়ে হালকা ভেজে মাখিয়ে রাখা মাছ দিন।
৪. এবার মাছগুলো হালকা নেড়ে রান্না করব ৪ মিনিট। এরপর আধা কাপ পানি দিয়ে মাঝারি আঁচে রেখে ৮ মিনিটের জন্য ঢেকে দিন।
৫. ৮ মিনিট পর কাঁচা মরিচ ফালি, ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে মৃদু আঁচে ঢেকে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।
কাতলা ভুনা
উপকরণ
কাতলা মাছ ১০ টুকরো, টমেটো ৫ টুকরো, পেঁয়াজ বাটা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, ধনিয়া পাতা কুচি ৪ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ ২ চা চামচ, কাঁচা মরিচ ৮টা, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১. কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছে সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে হালকা করে ভাজুন।
২. অন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে লবণ ও পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন।
২. এবার আদা, রসুন বাটা দেওয়ার ৩ মিনিট পর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ করে দিয়ে দিন।
৩. মসলা কষানোর পর ফালি করা টমেটো ও লবণ দিয়ে ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন।
৪. এরপর দেড় কাপ পানি দিয়ে ১ মিনিট পর ভেজে রাখা মাছ দিয়ে মাঝারি আঁচে ৮ মিনিট রান্না করুন।
৫. নামানোর আগে ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ ফালি দিয়ে মৃদু আঁচে ২ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন ভাতের সঙ্গে।