ভারতের ছাত্র আন্দোলনকারীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন শহরের বিক্ষোভকারী শিক্ষার্থীদের ভাষা ও সামাজিক মাধ্যমের পোস্টকে ‘বমি আসার মতো’ বলে আখ্যা দেন তিনি।
তরুণদের পরিবার, প্রতিপালন ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে কঙ্গনা পুরো জেন-জি প্রজন্মকে ‘ড্রেনের প্রজন্ম’ বলে কটাক্ষ করেন। বিশেষ করে আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের গৃহিণী হওয়ার অযোগ্য এবং মাদকাসক্ত বলে তির্যক মন্তব্য করেন এই বলিউড তারকা। তার এমন মন্তব্যে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষোদ্গারকে অত্যন্ত কদর্য মানসিকতার পরিচয় বলে অভিহিত করেছে। কংগ্রেস নেতা ভাই জাগতাপ এবং এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান কঙ্গনার এই কটুভাষার তীব্র নিন্দা জানিয়ে তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন। একই সঙ্গে নিজের দলের আইনপ্রণেতার এমন আচরণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।