কমনওয়েলথ গেমসের একটি ব্রোঞ্জপদক জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বক্সার রাকিব হোসেন। কিন্তু শেষ আটেই স্বপ্নভঙ্গ হলো তার। পদক জয়ের আশা পূরণ হলো না। মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার জাই ডিকসনের কাছে সরাসরি তিন রাউন্ডে হেরে বিদায় নেন রাকিব। এদিকে ক্যারিয়ারের সেরা টাইমিং করেও পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নিজের আগের রেকর্ড ভেঙেও বিদায় নিতে হয়েছে তাকে। ৪ নম্বর হিটের ৪ নম্বর লেনে সাঁতার কাটেন রাফি। তিনি ২৫.২৩ সেকেন্ডে রেস শেষ করে নতুন ব্যক্তিগত সেরা টাইমিং গড়েন। এর আগে তার সেরা সময় ছিল ২৬.০১ সেকেন্ড। পুরুষদের ৪০০ মিটার দৌড়ে হিটে বাংলাদেশের লুশাদ ইসলাম ৪৯.৭৬ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ষষ্ঠ হন। পরবর্তী রাউন্ডে ওঠতে না পারলেও এটাই তার ক্যারিয়ার সেরা টাইমিং।