পূর্বাচলের মাঠ নিয়ে তোড়জোড় বিসিবির

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ এএম

প্রতি বছর মাঠ ভাড়ার পেছনে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে ভাড়া নিলেও বাধছে বিপত্তি। একে তো ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়, এর ওপর শুক্র ও শনিবার মাঠ পাওয়া যায় না। এ জন্য বিভিন্ন লিগ বা টুর্নামেন্ট শেষ করতে অনেক সময় লেগে যায়। মাঠের সংকট দূর করতে নড়েচড়ে বসেছে বিসিবি। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন বন্ধ থাকা স্টেডিয়ামের মেরামত শুরু করার পরিকল্পনা করেছে বলেই জানা গেছে। একই সঙ্গে পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের কাজ শেষ করতে তোড়জোড় করছে বোর্ড।

তামিম ইকবালের নির্বাচিত বোর্ড দায়িত্ব নেওয়ার পর আজ তৃতীয় পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেছে। সেখানে পূর্বাচলের মাঠ নিয়ে আলোচনার বড় একটি অংশ থাকবে। জানা গেছে, আপাতত সেখানে ২টি মাঠ প্রস্তুতের পরিকল্পনা করছে বিসিবি। এর একটিতে অবশ্য ইতিমধ্যে খেলা চলছে। তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ও ইমার্জিং মেয়েদের লিগের বেশ কিছু ম্যাচ হয়েছে সেখানে। এর পাশে আরেকটি মাঠ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। তবে সভাপতি তামিমের চাওয়া, দ্বিতীয় মাঠটি ক্রিকেটারদের অনুশীলনের উপযোগী রেখে বর্তমান মাঠটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়া। পাশাপাশি বিসিবির কার্যক্রমের বড় অংশ মিরপুর থেকে সরিয়ে পূর্বাচলে নিয়ে যাওয়া। বোর্ড সূত্রে জানা গেছে, এর জন্য বাইরের একটি প্রতিষ্ঠানকে দিয়ে নকশাও তৈরি করেছেন তামিম। সেটি নিয়েই আজ বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।

এজেন্ডায় না থাকলেও আজ বিকেল ৪টায় শুরু হতে যাওয়া বৈঠকে আলোচনায় উঠবে ওয়ানডে দলের অধিনায়কত্বের বিষয়টি। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট-বলে পারফর্ম করতে পারছেন না। জিম্বাবুয়েতে সিরিজ হারের জন্য বোর্ডের অন্দর মহলেই সমালোচিত হয়েছেন এই অলরাউন্ডার। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় মিরাজের মাথার ওপর থেকে নেতৃত্বভার সরাতে চায় বোর্ড। মিরাজও এতে রাজি বলেই জানা গেছে। এখন বোর্ডের পরিকল্পনায় আছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তবে বিকল্প ভাবনায় অনেকেই বর্তমান সহ-অধিনায়ক নাজমুল হোসেনকেও রেখেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগের আনুষ্ঠানিক এজেন্ডায় থাকবে জাতীয় দলের পেস বোলিং কোচ ও ব্যাটিং কোচের বিষয়টি।

বোর্ড মিটিংয়ের এজেন্ডায় নারী ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সারা দেশ থেকে নারী ক্রিকেটার খুঁজে বের করার জন্য জাতীয় দলের ৮ জন সাবেক নারী খেলোয়াড়কে ৮টি বিভাগের মেন্টর হিসেবে নিয়োগের প্রক্রিয়া পাস হবে এই বৈঠকে। আগামী বছরের শুরুতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। এ নিয়ে আজকের সভায় নিজেদের পরিকল্পনা জানাবে বিসিবির নারী বিভাগ। এ ছাড়া টুর্নামেন্ট কমিটি ঘরোয়া ক্রিকেট লিগের আসন্ন মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত করবে বলে জানা গেছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আগামী মৌসুম নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুম নিয়েও আলোচনা হবে আজকের সভায়। সেখানে পরিচালকদের সিদ্ধান্তেই নির্ধারণ হবে এবছর বিপিএল মাঠে গড়াবে কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত