চুয়েট শিক্ষার্থীর প্রকৌশলী হওয়ার স্বপ্ন ডুবে গেল পুকুরে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীর নাম অর্ণব সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অর্ণব সাহা তার কয়েকজন বন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সহপাঠী ও আশপাশের শিক্ষার্থীরা খোঁজাখুঁজি করে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে পুকুরের তলদেশ থেকে অর্ণবকে উদ্ধার করে।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার বলেন, আমরা হলের কক্ষে ছিলাম। বাইরে শোরগোল শুনে দ্রুত পুকুরপাড়ে যাই। সেখানে উপস্থিত সবার সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।

পরে অর্ণবকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় নগরীর এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাতেই অর্ণব সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।