ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরখোয়াজপুর এলাকায় ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে হাসান ফকির (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত হাসান ফকির চরখোয়াজপুর গ্রামের আলী ফকিরের ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে হাসান ফকির নিজ বাড়িতে ফিরে বাথরুমে যান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।