বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা কেন্দ্রে আয়েশা

বাবার মৃত্যুর গভীর শোক বুকে নিয়েই এইচএসসি পরীক্ষার হলে বসেছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাড়িতে তখন বাবার মরদেহ, আর সেই কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেন তিনি।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মৌ নজিপুর মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশার বাবা মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে পরিবারের সদস্যদের পরামর্শে এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আয়েশা পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মরহুম মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পারিবারিক সূত্র আরও জানায়, বুধবার সকাল ৯টায় তার পৈতৃক বাড়ি মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এমন শোকাবহ মুহূর্তেও আয়েশার পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানসিক দৃঢ়তা, সাহস এবং শিক্ষার প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেছেন।