অপারেশনের পর প্রথম ছবি প্রকাশ, এখন কেমন আছেন রামচরণ

সম্প্রতি ‘পেড্ডি’ সিনেমার শুটিং চলাকালীন আহত হয়েছিলেন দক্ষিণী তারকা রামচরণ। হাতের কব্জিতে আঘাত লেগেছিল তার। সেই সময় অপারেশন না করলেও ভবিষ্যতে জটিলতা কাটানোর জন্য চিকিৎসকদের পরামর্শ মতো অবশেষে অপারেশনের পথেই হাঁটতে হল অভিনেতাকে। সিনেমার প্রচারমূলক কাজে ব্যস্ত থাকার কারণে এই অপারেশন করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে অবশেষে অপারেশন সম্পন্ন হল রামচরণের। 

রামচরণের অপারেশনের কথা জানার পর খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন অভিনেতার ভক্তরা। তবে এবার সকলকে আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল রামচরণের ছবি, যেখানে অভিনেতাকে হাসপাতালের বেডে হাসিমুখে বসে থাকতে দেখা যায়। সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই ডাক্তারকে। রামচরণের ছবি পোস্ট করে অভিনেতার ফ্যান ক্লাবের তরফ থেকে জানানো হয়, আপাতত আট সপ্তাহ বিশ্রামে থাকবেন অভিনেতা। 

রামচরণের ছবি প্রকাশ্যে আসার পর ‘পেড্ডি’ ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়, ‘আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের প্রিয় মেগাস্টার রামচরণ এখন অনেকটাই সুস্থ। ‘পেড্ডি’ ছবির শুটিং চলাকালীন তিনি আহত হয়েছিলেন। কব্জিতে আঘাত লেগেছিল। কিন্তু অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ শুটিং শেষ করেন এবং অসাধারণ পেশাদারিত্ব দেখান। আমরা ভীষণ আনন্দিত যে উনি এখন ভালো আছেন। আমরা ওঁর দ্রুত এবং নির্বিঘ্ন আরোগ্য কামনা করি। খুব শিগগিরেই তাকে আবার সুস্থ অবস্থায় দেখার অপেক্ষায় রইলাম।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে রামচরণ রয়েছেন কোয়েম্বাটুরে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালের প্রধান ডক্টর রাজ শেখরেনের নেতৃত্বে প্রখ্যাত ডাক্তার আলেসান্দ্রো বাদিয়া এবং ডক্টর প্রবীণ ভরদ্বাজ সহ চিকিৎসকদের একটি দল এই অপারেশন করেছেন। অভিনেতার সঙ্গে রয়েছেন বাবা চিরঞ্জীবী, স্ত্রী উপাসনা, মা সুরেশা।