দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ মুক্তি পেয়েছে ২৩ জুলাই (বৃহস্পতিবার)। প্রথমদিন থেকেই বক্স অফিসে শক্তিশালী সূচনা করেছে সিনেমাটি। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ১১২ কোটি ৫০ লাখ রুপি আয় করে শতকোটির ক্লাবে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমা বাণিজ্যবিষয়ক সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। একই সময়ে ভারতের মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৩৭ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১২ কোটি ৫০ লাখ রুপিতে। মুক্তির প্রথম দিন ভারতে সিনেমাটি ৪২ কোটি ৭০ লাখ রুপি নিট আয় করলেও দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ২১ কোটি ১৫ লাখ রুপিতে। ফলে দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমেছে।
তবে বক্স অফিসে ভালো সূচনা করলেও বিজয়ের আগের দুই ব্লকবাস্টার ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’র তুলনায় পিছিয়ে রয়েছে ‘জন নায়াগন’। ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দুই দিনে ভারতে ৬৯ কোটি ৫০ লাখ রুপি নিট আয় করেছিল। অন্যদিকে ‘লিও’ একই সময়ে আয় করেছিল ৯৯ কোটি ৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও ‘জন নায়াগন’ এখনো সেই দুই ছবির রেকর্ড স্পর্শ করতে পারেনি। ভারতীয় সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট ‘স্যাকনিলক’র তথ্য অনুযায়ী, মুক্তির দিন সিনেমাটির শোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫ শতাংশে।
আয়ের দিক থেকে তামিলনাড়ুই ছিল সিনেমাটির সবচেয়ে বড় বাজার। দুই দিনে রাজ্যটি থেকে এসেছে ৪১ কোটি রুপি। এছাড়া কর্ণাটক থেকে ১৪ কোটি ৪৭ লাখ, কেরালা থেকে ৭ কোটি ৫০ লাখ, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে ৬ কোটি ২৫ লাখ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছে ৫ কোটি ৭৮ লাখ রুপি।
‘জন নায়াগন’-এ সাবেক পুলিশ কর্মকর্তা ভেত্রি কন্ডন চরিত্রে অভিনয় করেছেন বিজয়। নিজের দত্তক কন্যাকে সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূরণে তার সংগ্রামের গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মামিথা বাইজু।
নতুন করে কার প্রেমে মজেছেন স্বস্তিকা!
‘মাদক ও কিশোর গ্যাং দেশে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে’
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক
হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি