ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) ও বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের রডগুলো সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তবে একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষাণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।