বিশ্বকাপ বিক্রি করতে চান ইনফান্তিনো: কত দামে, কেন এই পদক্ষেপ

ফিফা তাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট—যেমন বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ—পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠন করতে যাচ্ছে। এই নতুন কোম্পানির ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা ঘোষণা করেছে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। উদ্দেশ্য, বিশ্বজুড়ে তাদের ২১১টি সদস্য সংস্থাকে দেওয়া উন্নয়ন তহবিলের পরিমাণ তিন গুণ করা।

মূল পরিকল্পনা ও প্রস্তাবিত অর্থায়ন

  • ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ: বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা এফএফই নামের একটি অঙ্গসংগঠন গঠন করবে। তবে ফিফা নিজেই এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার ধরে রাখবে এবং বিশ্ব ফুটবলের মূল গভর্নিং বডি হিসেবে দায়িত্ব পালন করবে।

  • ৪২০ কোটি ডলারের বিনিয়োগ: প্রাইভেট ইনভেস্টরদের কাছে ২১% শেয়ার বিক্রি করে ফিফা প্রায় ৪২০ কোটি ডলার (৩.২ বিলিয়ন পাউন্ড) তুলতে চায়, যা সদস্য দেশগুলোর মধ্যে বণ্টন করা হবে।

  • জরুরি প্রকল্প তহবিল: নতুন ‘ফিফা ফাস্ট-ফরওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় প্রতিটি দেশ তাদের বিশেষ বা জরুরি প্রকল্পের জন্য ঐচ্ছিক হিসেবে এককালীন ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত তুলে নিতে পারবে।

  • ভবিষ্যৎ বরাদ্দের চিত্র: বর্তমানে চক্রপ্রতি যেখানে সদস্য দেশগুলো ৮ মিলিয়ন ডলার পেত, নতুন প্রস্তাব অনুযায়ী ২০২৭-৩০ চক্রে তা বেড়ে হবে ২০ মিলিয়ন ডলার। এরপর ২০৩১-৩৪ চক্রে ২২ মিলিয়ন এবং ২০৩৫-৩৮ চক্রে দাঁড়াবে ২৪ মিলিয়ন ডলারে

  • সিদ্ধান্তের সময়সীমা: আগামী চার বছরে ফিফার মোট উন্নয়ন সহায়তার পরিমাণ দাঁড়িয়ে যাবে ১,০০০ কোটি (১০ বিলিয়ন) ডলারের বেশি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি থেকে এই সুবিধা পেতে হলে ১৯ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

নেপথ্যে কারা এবং কেন?

এই পরিকল্পনার মূলে রয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই, যিনি গত কয়েক মাস ধরে এটি নিয়ে কাজ করছেন। তার ভাষায়, ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে ফুটবলের ‘গণতন্ত্রীকরণ’ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

  • উপদেষ্টা সংস্থা: বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগান ফিফার প্রধান অর্থ বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছে। পাশাপাশি ‘ওপেনইকোনমিক্স’ এবং বিএএনএন ভেঞ্চারসের প্রধান নির্বাহী গ্রেগ মাফেই (যিনি পূর্বে ফর্মুলা ওয়ান-এর প্রধান ছিলেন) এতে যুক্ত আছেন।

  • প্রধান বিনিয়োগকারী: ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘থ্রাইভ ইটার্নাল’ প্রস্তাবিত এই বিনিয়োগকারী দলের নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটালও এতে যুক্ত হতে পারে।

বিশ্ব ফুটবলে তোলপাড় ও তীব্র প্রতিক্রিয়া

ফিফার এই পরিকল্পনা সামনে আসতেই বিশ্বজুড়ে ফুটবল অঙ্গনে চরম সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছে:

উয়েফা- ইউরোপীয় ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, "এটি এমন এক সীমা অতিক্রম করেছে যা কোনো ফুটবল পরিচালনা পর্ষদের করা উচিত নয়। ফুটবলের আত্মা এবং পরিচালনা ব্যবস্থা কোনো কেনাবেচার বস্তু নয়—বিশেষ করে যেখানে আর্থিক লাভের বিষয়টি পুরোপুরি অস্বচ্ছ। ফুটবল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং বিক্রি করার অধিকার ফিফার নেই।"

কনকাকাফ- উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থাটি অভিযোগ করেছে, ফিফা তাদের সাথে কোনো পরামর্শ না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

অ্যান্ডি বার্নহাম, বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, "বিশ্বকাপ কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা। এই চুক্তিকে যেভাবে খুশি সাজানো হোক না কেন, এর একটি অংশ বিক্রি করে দেওয়া মানেই খেলার সাথে বিশ্বাসঘাতকতা করা। ফুটবল সবসময় সমর্থকদের ছিল এবং থাকবে।"

ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,"ট্রাম্প প্রশাসনের সাথে ফিফা সভাপতির বাণিজ্যিক আর্থিক সম্পর্ক ফুটবলের ব্যাপক ক্ষতি করছে। আমাদের ফুটবল বিক্রি করার অধিকার কারো নেই।"

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ার তেবেস: এটিকে ইনফান্তিনোর আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তোপ দেগে বলেছেন,"ইনফান্তিনো ফিফা শাসনের সমাধান নন, তিনিই মূলত সমস্যা।"

ফিফা কি সত্যিই অর্থের সংকটে?

বাস্তবতা হলো, অর্থ সংগ্রহের জন্য ফিফার কোনো সংকট ছিল না। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ সংবলিত চার বছরের চক্রে ফিফা রেকর্ড ১,৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলার আয় করতে যাচ্ছে, যা তাদের মূল লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

লন্ডনের 'দ্য টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, এই নতুন এফএফই গঠিত হলে এর দায়িত্বে থাকবেন ইনফান্তিনো নিজেই, যার ফলে এনএফএল কমিশনারের মতো তার বেতন বহু গুণ বৃদ্ধি পেতে পারে। তবে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, নেতৃত্বের বিষয়টি সবসময় ফিফার সংবিধানে থেকে সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার্থেই পরিচালিত হবে।