বসুন্ধরার ঘর ভেঙে বড় বাজেটের দল গড়লো মোহামেডান

নতুন মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারে বড় বাজেটের দল গড়ছে মোহামেডান। এরই মধ্যে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চার খেলোয়াড়সহ জাতীয় দলের পাঁচ ফুটবলারকে দলে নিয়েছে সাদা-কালোরা। 

নতুন করে চুক্তিবদ্ধ পাঁচ ফুটবলার হলেন জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা (জুনিয়র), ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও সেন্টারব্যাক শাকিল আহাদ তপু। তাঁদের মধ্যে সাদ, ফাহিম, সোহেল রানা ও শাহরিয়ার ইমন গত মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। তপু গত মৌসুমেও ছিলেন মোহামেডানে। তাঁদের মধ্যে সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু ও ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের একাদশে নিয়মিত খেলেন। 

মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করতে চাই। এ কারণেই বড় বাজেটের দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ জন খেলোয়াড় নিশ্চিত হয়ে গেছে।’ 

এদিকে বিদেশি খেলোয়াড় সংগ্রহেও বড় পরিকল্পনা রয়েছে মোহামেডানের। গত মৌসুমের বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের মোজাফফরভকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। বাকি তিন বিদেশি খেলোয়াড় নতুন করে আনা হবে।