বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, তলিয়ে গেল ভাইও

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই গ্রামের রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া ও দেড় বছর বয়সী মেয়ে শাফা।

স্থানীয় ও মৃত শিশুদের পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় অসাবধানতাবশত ছোট বোন শাফা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। সেটা দেখে তাকে উদ্ধারের জন্য বড় ভাই রিবান পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুইজনেই পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসমান দেখে দ্রুত উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মাহমুদ জানান, পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি জেনেছি। পরবর্তী কার্যক্রমের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।