চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করে। পরে বেলা সাড়ে ১০টার দিকে তাকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশের কাছে এমন তথ্য ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ইমনসহ তার তিন সহযোগীকে আটক করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের চারটি ও কোতোয়ালি থানা পুলিশের একটি টিম এবং চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের টিম ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।