হারিয়ে গেছে তুরাগের ‘মিনি কক্সবাজার’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

রাজধানীর উত্তর-পশ্চিম প্রান্তে তুরাগ নদের তীরে ধউর-বেড়িবাঁধ এলাকা একসময় মানুষের মুখে মুখে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিতি পেয়েছিল। বিস্তীর্ণ নদে ঢেউয়ের গর্জন, শত শত নৌকা, ট্রলার, স্পিডবোট, দোতলা লঞ্চের উপস্থিতি আর বর্ষার মৌসুমে পিকনিক পার্টিতে মুখর থাকত পুরো এলাকা। দূরদূরান্ত থেকে মানুষ নদের সৌন্দর্য দেখতে আসতেন। বিকেল হলেই হাজারো মানুষের ঢল নামত। চলচ্চিত্রের শুটিংও হতো নিয়মিত। নদের পাড়জুড়ে ছিল শত শত চটপটি-ফুচকার দোকান। কিন্তু সেই তুরাগ আজ মৃতপ্রায়। নদে সংকুচিত হয়েছে, কমেছে নাব্য। নদের দুই তীরজুড়ে গড়ে উঠেছে আবাসন প্রকল্প, শিল্পকারখানা, রেডিমিক্স কংক্রিট কোম্পানি ও বালু ব্যবসার অসংখ্য গদি। ‘মিনি কক্সবাজার’-এর সৌন্দর্য আর নেই।

স্থানীয় বাসিন্দা মো. শাহ জালাল দেশ রূপান্তরকে জানান, এখানে একসময় সমুদ্রের মতো ঢেউ ছিল। বর্ষায় নদ এত বড় ছিল যে মনে হতো সমুদ্র। ২০০১ থেকে ২০০৮ সালের দিকে এখানে মানুষ ঢেউ দেখতেই আসত। ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসত। সন্ধ্যার পর পরিবার নিয়ে মানুষ নদের পাড়ে বসত। এখন নদ ছোট হয়ে গেছে, পানি কমে গেছে। এখন চারদিকে দখল, বালুর গদি আর ট্রাকের শব্দ ছাড়া কিছুই নেই। তিনি আরও জানান, নদের নাব্য ফিরিয়ে আনার জন্য কয়েকবার ড্রেজিং হতে দেখেছেন। কিন্তু কোনো কাজে আসেনি। কিন্তু কিছু দিন পর আবার আগের মতো ভরাট হয়ে যায়। নদী দখল বন্ধ হয়নি। আগে বড় ট্রলার, লঞ্চ চলত। এখন অনেক জায়গায় নৌকা আটকে যায়।

সরেজমিন দেখা যায়, ধউর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক রেডিমিক্স কংক্রিট কোম্পানি। পাশাপাশি নদীর তীরে রয়েছে অসংখ্য বালুর ব্যবসার গদি। দিন-রাত বালুবাহী ট্রাক চলাচল করছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় ভরাট ও অবৈধভাবে নদীর জায়গা ব্যবহার করায় তুরাগের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। বালু উত্তোলন ও সংরক্ষণের নামে নদীর তীর দখল করা হয়েছে। এতে নদীর প্রশস্ততা কমেছে।

এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুল কাদেরের মতে, অপরিকল্পিত ড্রেজিং, নদীর সীমানা নির্ধারণে অনিয়ম, নদের ওপরে ব্রিজ, দখলদারত্ব এবং প্রভাবশালীদের নিয়ন্ত্রণে তুরাগ নদকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিরুলিয়া ব্রিজসংলগ্ন এলাকায় প্রিয়াংকা হাউজিংসহ রিসোর্ট ও বিভিন্ন ক্লাব গড়ে ওঠার পর নদীতীর ব্যাপক ভরাট হয়েছে। স্থানীয়দের দাবি, একসময় যেসব এলাকায় পানি চলাচল করত, সেসব স্থানে এখন মাটি ফেলে স্থাপনা নির্মাণ করা হয়েছে।

ধউর ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল নদী দিয়ে সহজে সদরঘাটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়। রাজধানীর যানজট এড়িয়ে মানুষ যাতে দ্রুত নৌপথে যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম আগের তুলনায় অনেকটাই কমে গেছে। নদীর নাব্য সংকট, দখল ও নৌচলাচল কমে যাওয়ায় যাত্রীসেবা কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্থানীয় পরিবেশকর্মী মো. জুনায়েদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, নৌপথ সৃষ্টির প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও এখন সেটি পূর্ণাঙ্গভাবে কাজে লাগছে না। প্রকল্প ব্যয়, রক্ষণাবেক্ষণ ও বাস্তব ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, শুধু খনন নয়Ñ দখলমুক্ত করা, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত না করলে নদী রক্ষা সম্ভব নয়। নদী বাঁচাতে হলে দখল বন্ধ করতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। নদীর সীমানা পুনর্নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, বালু ব্যবসা নিয়ন্ত্রণ এবং শিল্পবর্জ্য বন্ধ না হলে ভবিষ্যতে তুরাগ পুরোপুরি হারিয়ে যেতে পারে।

দীর্ঘদিন তুরাগ নদে নৌকা চালানো মাঝি জসিম উদ্দিনের মুখে শোনা গেল হতাশার গল্প। দীর্ঘ ৩০ বছরের পেশা ছেড়ে এখন তিনি একটি কোম্পানির নিরাপত্তাকর্মী। বললেন, একসময় নৌকার মাঝিদের অনেক মূল্যায়ন ছিল। এই অঞ্চলের ৩০০ বেশি নৌকার মাঝি আর কমপক্ষে ২০০ টলার ছিল। বেড়িবাঁধে ৫০টা স্পিডবোট ছিল। বড় জাহাজ ছিল। এখন কিছুই নই। নদী আছে, জীবিকা নেই। মাঝিরা কর্মহীন।

ঢাকার প্রাকৃতিক পানি নিষ্কাশনব্যবস্থার তুরাগ নদে একটি গুরুত্বপূর্ণ অংশ। নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয় এ নদ। এ ছাড়া নদসংলগ্ন এলাকার কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের ওপর এর বড় প্রভাব রয়েছে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে টঙ্গী থেকে গাজীপুর অংশে নদীদূষণের ৯৬টি উৎস চিহ্নিত করা হয়।

জানা যায়, তুরাগ নদের দৈর্ঘ্য ৬২ কিলোমিটার, গড় প্রস্থ ৮২ মিটার, আয়তন ১,১৬০.৪৮ বর্গকিলোমিটার। তুরাগ নদে বিভিন্ন সময়ে বিআইডব্লিউটিএ এবং সরকারের উদ্যোগে খনন, ড্রেজিং, সীমানা নির্ধারণ ও নদী উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। ২০১০ সালে নদীর সীমানা নির্ধারণে পিলার স্থাপন শুরু হয়। পরে ভুল সীমানা নির্ধারণের অভিযোগ ওঠায় পুনরায় জরিপ ও পুনঃসীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সাল থেকে ঢাকার চারপাশের নদ-নদী উদ্ধার প্রকল্পের আওতায় তুরাগ নদেও ব্যাপক খনন, তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ এবং দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

এক সময়ের উত্তাল তুরাগ আজ নীরব। ধউর বেড়িবাঁধের সেই ‘দ্বিতীয় কক্সবাজার’ এখন শুধুই স্মৃতি। নদকে ঘিরে মানুষের আবেগ, জীবিকা আর ইতিহাস সবই এখন অস্তিত্ব সংকটে।

আরেক নতুন প্রকল্প : বর্জ্য অপসারণ করা হবে ৫৬৭ কোটি টাকায় : তুরাগ নদের তলদেশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ৫৬৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৯-এর জুনে। ‘মেট্রো ঢাকা প্রকল্প : গোড়ান চটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সর্বশেষ সর্বাধিক পঠিত