ঢাকা ও দিল্লির সম্পর্ক এগিয়ে যাবে স্বার্থের ভিত্তিতে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল বুধবার তার সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন।

হাইকমিশনার ত্রিবেদী গতকাল ঢাকায় প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাইকমিশনারের দায়িত্বভার গ্রহণের পর তিনি এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পরে সাংবাদিকদের বলেন, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে উভয়পক্ষ একমত হয়েছে।

হাইকমিশনার ত্রিবেদী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সরকারপ্রধান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে।