বাংলাদেশ ব্যাংক দেশে পেপ্যাল (PayPal), পেওনিয়ার (Payoneer) ও স্ট্রাইপ (Stripe)-এর মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর পথ উন্মুক্ত করতে একটি নতুন ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ বা নীতিমালা জারি করেছে।
বুধবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এই বিদেশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি চুক্তি করে বাংলাদেশে আন্তর্জাতিক লেনদেন সুবিধা চালু করতে পারবে।
নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রাহকদের বহির্মুখী বৈদেশিক অর্থ পরিশোধের সুবিধা দিতে পারবে। এসব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে বিবেচনা করা হবে।
নীতিমালার আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ রাখা হয়েছে। এটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে থাকা একটি মাস্টার ডিভিএর অধীনে পরিচালিত হবে।
ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক ব্যয় নির্বাহ করা যাবে। পাশাপাশি সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং সীমিত পরিসরে আন্তর্জাতিক ই-কমার্স লেনদেনও করা যাবে।
এ সুবিধা রিটেনশন কোটার বৈদেশিক মুদ্রা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের অর্থের বিপরীতেও প্রযোজ্য হবে। তবে কোনো ব্যাংক এ ধরনের সেবা চালুর আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং কাঠামোর সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে। এতদিন ব্যাংকগুলোর মাধ্যমে মূলত অনলাইন গেটওয়ের সাহায্যে বিদেশ থেকে অর্থ আনার সুযোগ থাকলেও নতুন নীতিমালা আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনের পরিধি আরও বিস্তৃত করবে।